হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আশুলিয়ায় বন্ধ ৪১ কারখানা

সাভারের হেমায়েতপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ তিন দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আশুলিয়ার ৪১টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সড়ক অবরোধের চেষ্টা ঘিরে তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের কয়েকজন বাগবাড়ি মোড়ে জড়ো হন। পরে তাঁরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। শ্রমিকদের একটি অংশ আশপাশের কারখানায় গিয়ে অন্যদের কাজ ছেড়ে বেরিয়ে আসতে বলে। কয়েকটি কারখানার বাইরে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টাও হয়। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও সাভার থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিকদের ধাওয়া করলে তাঁরাও পাল্টা ধাওয়ার চেষ্টা করেন। পরে কাঁদানে গ্যাস ছোড়ার পর পরিস্থিতি ছত্রভঙ্গ হয়ে যায়। হেমায়েতপুরের বাগবাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে; টহলও জোরদার করা হয়েছে।
এদিকে বুধবার আশুলিয়া থানা এলাকার ৪১টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি এবং ১০টিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সকালে হেমায়েতপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকার কয়েকটি কারখানার উৎপাদন বন্ধ হয়। আশুলিয়ায় প্রকাশ্যে বিক্ষোভ না হলেও শ্রমিক অসন্তোষের কারণে ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



