দর্শনায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার দর্শনায় বদর উদ্দিন নামের এক মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের ১০ থেকে ১২টির বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চুয়াডাঙ্গার দর্শনা এলাকার গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে কামড়িয়ার বিলসংলগ্ন মুক্তার মেম্বারের মাছের ঘেরের পাশে নিজের জমিতে এ ঘটনা ঘটে।
বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝের পাড়ার মৃত সামছদ্দিন মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলের পাশে থাকা একটি অস্থায়ী কুঁড়েঘরে তিনি নিয়মিত যাতায়াত করতেন এবং নিজের মাছের ঘের পাহারা দিতেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ভোরে বদর উদ্দিনের ছেলে সুমন তাঁকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর মাথায় ধারালো অস্ত্রের ১০ থেকে ১২টির বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




