সৈয়দপুরে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫

নীলফামারীর সৈয়দপুরে ১০ শতক জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজন হাসপাতালে ভর্তি।
নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজীপাড়া ঈদগাহ মাঠ এলাকার ১০ শতক জমি নিয়ে কাজী মোখছেদুলের পক্ষ এবং মইনুল শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমি নিয়ে আদালতের একটি রায়ের পর বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে গড়ায়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
আহত কাজী মোখছেদুলের জামাতা আরিফ হোসেনের দাবি, আদালতের রায় তাঁদের পক্ষে এসেছে। সেই রায়ের কাগজ নিয়ে জমিতে কথা বলতে গেলে প্রতিপক্ষ ভাড়াটে লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করে। তাঁদের পক্ষের প্রায় ১১ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
অন্যদিকে মইনুল শেখ বলেন, জমিটির মালিক তাঁরা। কাজী মোখছেদুল লোকজন নিয়ে এসে তাঁদের ওপর হামলা করেছেন এবং তাঁর পরিবারের কয়েকজন আহত হয়েছেন।
সৈয়দপুর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে; গুরুতর আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা


