চবি হলে মাকড়সা ছেড়ে ছাত্রীকে ভয় দেখানোর অভিযোগ, মুচলেকা দিলেন তিন শিক্ষার্থী

বিজয় ২৪ হলে এক ছাত্রীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়রের বিরুদ্ধে। আতঙ্কিত হয়ে অসুস্থ ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে কক্ষের দরজা বন্ধ করে এক ছাত্রীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন জ্যেষ্ঠ শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী; অভিযুক্ত তিনজন স্নাতকোত্তরের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন সূত্রে জানা গেছে, নিচতলার একটি কক্ষে থাকা ওই ছাত্রীকে নিজেদের কক্ষে ডেকে নেন তাঁরা। সেখানে দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে আগে থেকে বাটিতে রাখা মাকড়সা ছেড়ে দেওয়া হয়।
ছাত্রীর অভিযোগ, মাকড়সার ভীতির কথা হলের ব্লকের সবাই জানতেন। ঘটনার পর তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হয়। মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়ে হলে নিরাপত্তাহীনতার কথা জানান এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নিশ্চয়তা চান।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে ওই ছাত্রী আতঙ্কিত অবস্থায় চিকিৎসাকেন্দ্রে আসেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। বমির জন্য ওষুধ দিয়ে তাঁকে হলে ফেরত পাঠানো হয়।
অভিযুক্ত তিন শিক্ষার্থীও প্রক্টরের কাছে আবেদন করে বলেন, তাঁরা ছাত্রীর মাকড়সাভীতির কথা জানতেন না; মজা করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। তাঁরা ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দেন।
হল প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি, প্রক্টর ও আবাসিক শিক্ষকেরা দুই পক্ষের সঙ্গে কথা বলেন। অভিযুক্ত শিক্ষার্থীরা ক্ষমা চাওয়ার পর তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে অভিযোগ এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে আবার বৈঠক করে সমাধানের চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো




