সিলেটের হোটেল থেকে বদির ছেলে ও ভাইসহ চারজন আটক

সিলেট নগরের একটি হোটেলে অভিযান চালিয়ে আব্দুর রহমান বদির ছেলে, দুই ভাই ও টেকনাফ পৌরসভার সাবেক এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। তাঁদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সিলেট নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শুরু হওয়া অভিযান শেষ হয় বুধবার ভোর ৫টার দিকে।
আটক ব্যক্তিরা হলেন শাওন আরমান, আমিনুর রহমান, আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শাওন আরমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে; আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর তাঁর ভাই।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী হোটেলের নিচে জড়ো হন। অভিযান শেষে চারজনকে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
পুলিশের গাড়িতে ওঠার সময় শাওন ‘নেত্রী ফিরবে’ বলে স্লোগান দেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, তাঁরা সিলেট ভ্রমণের কথা বলে মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার পুলিশের একটি ইউনিটের চাহিদার পরিপ্রেক্ষিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘তাঁরা বলছেন, তাঁরা এখানে ঘুরতে এসেছেন। কিন্তু কক্সবাজারে তাঁদের নামে বেশ কয়েকটি মামলা থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।’
সূত্র: আজকের পত্রিকা



