নড়াইলে দুই বিএনপি নেতার মৃত্যু: ছয় দিন পর ৫১ জনের নামে হত্যা মামলা

কালিয়ায় সোহেল রানা ও শাহিনুর ইসলামের মৃত্যুর ঘটনায় ৫১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন সোহেল রানার বড় ভাই। অজ্ঞাতনামা আসামি আরও ২০ থেকে ২৫ জন।
নড়াইলের কালিয়ায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম নিহত হওয়ার ছয় দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কালিয়া থানায় মামলাটি করেন সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা।
মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগে আটক দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
নিহতদের পরিবারের অভিযোগ, ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিলটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে গেলে সেখানে হামলা হয় বলে অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
হামলায় সোহেল রানা ও শাহিনুর ইসলাম গুরুতর আহত হন। তাঁদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত পক্ষের ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সূত্র: প্রথম আলো



