গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যুর গুজব, থানায় গিয়ে সুস্থতার কথা জানালেন তিনি

ভোগড়ায় পোশাকশ্রমিক দিলরুবা আক্তারকে ঘিরে মৃত্যুর গুজব ছড়ালে কারখানার সামনে বিক্ষোভ হয়। পরে থানায় গিয়ে তিনি জানান, তিনি বেঁচে আছেন ও সুস্থ আছেন।
গাজীপুরের ভোগড়ায় ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক দিলরুবা আক্তার মিলির মৃত্যুর গুজব ছড়ানোর পর কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিক ও স্থানীয় লোকজন। পরে দিলরুবা নিজেই গাছা থানায় গিয়ে পুলিশকে জানান, তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতির পর কারখানায় ফিরছিলেন সুইং অপারেটর দিলরুবা। কারখানার সামনে কয়েকজন বহিরাগত তাঁকে ও অন্য শ্রমিকদের প্রবেশে বাধা দেন। বাধা পেরিয়ে ঢোকার চেষ্টায় ধাক্কাধাক্কির একপর্যায়ে দিলরুবা আহত হন। উপস্থিত ব্যক্তিরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠান।
পুলিশ জানায়, ঘটনার পর দিলরুবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে প্রায় ৩০০ শ্রমিক ও স্থানীয় মানুষ কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ খবরটির সত্যতা যাচাই করে। পরে দিলরুবা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে থানায় গিয়ে নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরের ঘটনার বিবরণ দেন।
দিলরুবা বলেন, মধ্যাহ্নবিরতির পর কারখানায় যাওয়ার পথে কয়েকজন বহিরাগত তাঁর ওপর হামলা করেন। তিনি গর্ভবতী জানিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাঁরা তাঁকে ছাড়েননি বলে দাবি করেন। তাঁর পরিচয়পত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে দিলরুবা বলেন, তিনি বেঁচে আছেন এবং মোটামুটি সুস্থ আছেন। তিনি কাউকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেওয়া এবং গুজব ছড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
সূত্র: আজকের পত্রিকা



