রাজশাহীতে মিছিলের মামলায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র রয়েছেন।
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় দলটির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন এবং কেশরহাট পৌরসভার সাবেক মেয়র শহিদুজ্জামান রয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিবি, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানার পুলিশ বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অন্যরা হলেন মো. মাসুদ, মুছা আহমদ খান মন্টু, রেজাউল ইসলাম, সোবাহান ওরফে শুভ, মাসাদুল ইসলাম স্বপন, রুবেল শেখ, তারিফুর রহমান তোর, ইদ্রিস আলম এবং সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর। শহিদুজ্জামান মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শহিদুজ্জামান ও ইকবাল হোসেনকে একটি বাসা থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। গ্রেপ্তার মো. মাসুদ আওয়ামী লীগের রাজশাহী জেলা সড়ক পরিবহন শাখার সাবেক সভাপতি, মুছা আহমদ খান মন্টু মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের একান্ত সহকারী এবং ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। অন্যরা সংগঠনটির সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
আরএমপির শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে নগরের লক্ষ্মীপুর এলাকায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

উল্লাপাড়ার ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, উদ্ধার

কুষ্টিয়ায় সিসিটিভি বসিয়ে মাদক কারবারের অভিযোগ, অভিযানে ইয়াবা-টাকাসহ স্ত্রী গ্রেপ্তার

