উল্লাপাড়ার ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, উদ্ধার

দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগে প্রাইভেট শিক্ষক রাজিব হোসেনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২। পরে ছাত্রীকে উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগে প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ফরিদপুর থেকে তাঁকে গ্রেপ্তারের পর ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১২ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার বাখুণ্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করা হয়। পরে একই থানার টেপাখোলা বাজার এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়।
রাজিব উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় অধ্যয়ন একাডেমি নামের একটি কোচিং সেন্টারের পরিচালক।
মামলার এজাহার অনুযায়ী, ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি ওই ছাত্রী। পরিবারের সদস্যরা খোঁজ করে জানতে পারেন, তাঁর প্রাইভেট শিক্ষক রাজিব তাঁকে নিয়ে গেছেন। পরদিন ছাত্রীর মা বাদী হয়ে রাজিব ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, এর আগে রাজিব একইভাবে তাঁর দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। কয়েক মাসের মধ্যে তাঁদের দুজনকেই তালাক দেন তিনি। এজাহারে রাজিবের বর্তমানে একজন স্ত্রী থাকার কথাও উল্লেখ রয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্র: আজকের পত্রিকা




