ঢাকার চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১

শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে হাতিরপুল, ওয়ারী, মিরপুর ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজধানীর হাতিরপুল, ওয়ারী, মিরপুর ও ধানমন্ডিতে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। হাতিরপুলে বিস্ফোরণের পর একজনকে আটক করেছে পুলিশ।
রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে ককটেল বিস্ফোরিত হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীতে বিস্ফোরণ ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল কাফরুল ও শাহ আলী থানার সীমানায়। বিস্ফোরণের পর পুলিশ ধাওয়া করলেও জড়িত ব্যক্তিকে আটক করতে পারেনি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক।
বেলা সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
সূত্র: আজকের পত্রিকা



