সিডিআরসহ ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে তেজগাঁওয়ে গ্রেপ্তার ১

নাগরিকদের কল ডিটেইলস রেকর্ডসহ স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ও অন্যান্য ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
পুলিশের দাবি, রবিউল তথ্য পাচার চক্রের সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে অর্থের বিনিময়ে নাগরিকদের এসব তথ্য বিক্রি করতেন চক্রের সদস্যরা।
এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মো. নাজমুল আলম বলেন, রবিউল ও তাঁর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রি করছিলেন।
নাজমুল আলম জানান, সিডিআরসহ স্পর্শকাতর তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মুঠোফোন অপারেটরদের কাছে থাকে। রবিউলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার রবিউলের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
সূত্র: প্রথম আলো




