অন্তু বিশ্বাসের বিরুদ্ধে সাইবার আইনে মামলা, ১০৯ নাগরিকের উদ্বেগ

বরিশালের নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করায় উদ্বেগ জানিয়ে হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ১০৯ নাগরিক।
বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ১০৯ জন নাগরিক। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে আন্দোলন, সংবাদ সম্মেলন ও ফেসবুকে ছবি প্রকাশকে সাইবার অপরাধ হিসেবে বিবেচনা করা মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের জন্য হুমকি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তাঁরা অন্তু বিশ্বাসসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, অন্তু বিশ্বাস প্রতিষ্ঠানটির ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে বহিষ্কারাদেশ, হামলা এবং পরে সাইবার সুরক্ষা আইনে মামলা হওয়ায় স্বাক্ষরকারীরা উদ্বিগ্ন।
শিক্ষার্থীদের অভিযোগের বরাত দিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের পরিচালক দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষা-বাণিজ্যে জড়িত। সম্প্রতি ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট আনুমানিক ২৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করলে কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন। তবে আন্দোলনের পর অন্তু বিশ্বাসসহ অন্য শিক্ষার্থীরা বহিষ্কার, কারণ দর্শানোর নোটিশ, হামলা ও মামলার মুখে পড়েছেন।
নাগরিকদের ভাষ্য, মামলায় হ্যাকিং, প্রতারণা, সাইবার সন্ত্রাস, ব্ল্যাকমেইল ও ধর্মীয় বিদ্বেষের মতো গুরুতর অভিযোগের ধারা যুক্ত করা হয়েছে; কিন্তু মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে এসব অভিযোগের সম্পর্ক তাঁরা দেখছেন না। তাঁদের মতে, এ ধরনের মামলা শিক্ষার্থীদের হয়রানির সুযোগ তৈরি করছে।
অন্তু বিশ্বাসের ওপর হামলার ঘটনায় করা মামলার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং নার্সিং ইনস্টিটিউটের অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আইনজীবী হাসনাত কাইয়ূম, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দীন খান, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জা এবং উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
সূত্র: আজকের পত্রিকা





