লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ধান কাটতে গিয়ে শ্রমিক নিহত

নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে শ্রমিকদের ওপর হামলা হয়। এতে ফরহাদ মোল্যা (৫৫) ঘটনাস্থলেই নিহত হন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫৫) নামের এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়মানার-চর গ্রামের হাসান মৌলভি ও একই বংশের দাউদ মোল্যার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। জমিটি হাসান মৌলভির দখলে থাকায় সেখানে আমন ধান চাষ করা হয়।
শুক্রবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গেলে দাউদ মোল্যার পক্ষের লোকজন বাধা দেন। একপর্যায়ে শ্রমিকদের ওপর হামলা হয়। এতে ফরহাদ ঘটনাস্থলেই মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




