রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

বায়তুল মোকাররমে হামলা, চুরি ও হত্যাচেষ্টার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে নামানো এবং মুসল্লিদের ওপর হামলা, চুরি ও হত্যাচেষ্টার মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, রুহুল আমিনের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ঘটনার দিন বায়তুল মোকাররমে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। মামলার বিষয়ে তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন।
গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পড়ছিলেন। এ সময় রুহুল আমিনসহ অন্য আসামিরা তাঁকে মিম্বর থেকে টেনে নামিয়ে মাইক কেড়ে নেন। বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন, ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয় এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়। প্রবাসফেরত ব্যবসায়ী হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান পল্টন থানায় মামলাটি করেন। এতে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
সূত্র: প্রথম আলো





