খিলক্ষেতে বাসে আগুনের মামলায় আওয়ামী লীগসহ তিন সংগঠনের নেতা গ্রেপ্তার

খিলক্ষেত এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম (৫০), খিলক্ষেত থানা শ্রমিক লীগের সহসভাপতি আতাউর রহমান (৫৫) এবং নরসিংদীর রায়পুরা পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মেহেদী মোল্লা (৩৫)।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রফিকুলকে গতকাল বিকেলে, মেহেদীকে রাতে এবং আতাউরকে আজ সকালে গ্রেপ্তার করা হয়।
তিনজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো



