গৌরনদীতে দুই বাসের সংঘর্ষ, ঘরের ওপর উল্টে পড়ল একটি; আহত ১০

বরিশালের গৌরনদীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারানো একটি বাস বিদ্যুতের দুটি খুঁটি ভেঙে মহাসড়কের পাশের দুই বসতঘরের ওপর পড়ে।
বরিশালের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের দুটি খুঁটি ভেঙে মহাসড়কের পাশে থাকা দুই বসতঘরের ওপর উল্টে পড়ে। ঘর দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও বাসিন্দারা সরে যেতে পারায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের বাস দুটির সংঘর্ষ হয়। পরে বরিশাল এক্সপ্রেসের বাসটি আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর পড়ে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ঘরের বাসিন্দাদের কেউ আহত হননি। দুই বাসের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা অন্য আহতদের হাসপাতালে নিয়ে যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, ঘরের ওপর থেকে বাসটি সরানোর চেষ্টা চলছে। অন্য বাসটি থানায় নেওয়া হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



