হালিশহরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, সিসিটিভি দেখে গ্রেপ্তার দুই

চট্টগ্রামের বড়পোল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় মো. শাফায়েত ও মঈনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার হালিশহর এলাকা থেকে মো. শাফায়েত ও মঈনকে গ্রেপ্তার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তার দুজন ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাঁদের মধ্যে শাফায়েত গত সেপ্টেম্বরে ছিনতাইয়ের অভিযোগে হালিশহর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বড়পোল মোড়ের ট্রাফিক পুলিশ বক্সটিতে আগুন দেওয়া হয়। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এর আগে ১৯ নভেম্বর বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৭ নভেম্বর মুরাদপুর এলাকায় আরেকটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়; জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়ায়নি বলে পুলিশ জানায়।
এ ছাড়া বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা পর্দায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।
সূত্র: আজকের পত্রিকা



