ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যার অভিযোগ, আটক ১

জামালপুরের ইসলামপুরে নিজ বাড়িতে শ্রী অমৃত সরকারকে হত্যার অভিযোগে রাশেদ মিয়াকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জামালপুরের ইসলামপুরে নিজ বসতঘরে শ্রী অমৃত সরকার (৪৪) নামের এক স্বর্ণকারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাশেদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অমৃত ওই এলাকার অমল সরকারের ছেলে। নিজের বাড়িতেই সোনার দোকান চালাতেন তিনি।
স্থানীয় সূত্রের ভাষ্য, অমৃত আগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী বাজারে সোনার দোকান চালাতেন। সে সময় রাশেদের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে অমৃত বাড়িতে দোকান চালু করলেও পূর্বপরিচয়ের সূত্রে রাশেদ মাঝেমধ্যে তাঁর বাড়িতে যেতেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে রাশেদ অমৃতের ঘরে ঢুকে সোনার অলংকার তৈরির কাজে ব্যবহৃত চিমটা দিয়ে তাঁর চোখে আঘাত করেন। এতে অমৃতের মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা রাশেদকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায় এবং অমৃতের মরদেহ উদ্ধার করে।
অমৃতের বড় ভাই শ্রী মনসা সরকার বলেন, পূর্বপরিচয়ের কারণে রাশেদ তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তিনি অভিযোগ করেন, রাশেদই তাঁর ভাইকে হত্যা করেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অমৃতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রাশেদ নামের এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা



