শ্রীনগরে পুকুরে ডুবে চাচাতো দুই শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরে পড়ে মোস্তাফিজুর রহমান (৪) ও আলিফ হোসেন (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় পুকুরে ডুবে চাচাতো দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমানের বয়স ৪ বছর। সে হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে। অন্য শিশু আলিফ হোসেনের বয়স ৩ বছর; তার বাবা আসাদুল দেওয়ান সিঙ্গাপুরপ্রবাসী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে শিশুদের দাদা হালিম দেওয়ান তাদের মূল বাড়ি থেকে দক্ষিণে পুরোনো বাড়িতে নিয়ে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়।
শিশুদের খাওয়ানোর জন্য তাদের মায়েরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারাও খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হক জানান, বেলা ১১টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
হাসাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: প্রথম আলো



