চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ২০ জনকে আটক

ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিট পর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করেছে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের চেষ্টার পর ২০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা দুইটার দিকে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া ইসতেকবার হোসাইন বেলা ১টা ৪০ মিনিটে ফেসবুকে মিছিলের ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে বীর চট্টলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল হবে, পারলে ঠেকাইস।’
পোস্ট দেওয়ার প্রায় ২০ মিনিট পর ছাত্রলীগের নেতা-কর্মীরা সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ধাওয়া দেয়। যুবদলের কয়েকজন নেতা-কর্মীও সেখানে জড়ো হওয়া ছাত্রলীগের কর্মীদের ধাওয়া করেন। পরে আশপাশের গলি ও এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ছাত্রলীগের নেতা-কর্মী।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, নাশকতার আশঙ্কায় জুমার নামাজের পর পুলিশ বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল। সিনেমা প্যালেস এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে আটক করা হয়। মিছিলের ঘোষণা দেওয়া ইসতেকবার পরে ফেসবুকে মিছিলের ছবিও পোস্ট করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোতোয়ালি থানার শাহ আমানত (রা.) মাজার থেকে ককটেলসদৃশ বস্তুসহ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন চান্দগাঁও থানা ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মাইন এবং পাঁচলাইশ থানা ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম। পুলিশের ভাষ্য, নাশকতার উদ্দেশ্যে তাঁরা ওই বস্তু নিয়ে মাজারের ভেতরে অবস্থান করছিলেন। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।
সূত্র: প্রথম আলো



