মেট্রোরেলের নিরাপত্তায় ৪০০ পুলিশ চেয়েছে ডিএমটিসিএল

মেট্রোরেল স্থাপনায় নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে ডিএমটিসিএল। স্টেশনগুলোতে নজরদারি ও দ্রুত ব্যবস্থা নিতে ১১ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা জোরদার করতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হলেও এখনো অতিরিক্ত পুলিশ পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন এবং স্থাপনার কাছে ককটেল বিস্ফোরণের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের সদস্যসংখ্যা বর্তমানে ৩০০। ডিএমটিসিএল কর্মকর্তাদের ভাষ্য, এই জনবল দিয়ে সব স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ হাসান বারী নূর শুক্রবার রাতে জানান, সদস্যরা পোশাক ও সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন। যাত্রীদের নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ ও সংশ্লিষ্ট থানার সহায়তা নেওয়া হয়। বাড়তি ৪০০ সদস্য চেয়ে চিঠি দেওয়ার বিষয়টিও তিনি জানান।
গত ৯ নভেম্বর ফার্মগেট স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। বাসের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়; নিরাপত্তার কারণে তাঁদের স্টেশন থেকে বের করে দেওয়া হয়।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, প্রতিটি স্টেশনে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে উত্তরা উত্তর ও সচিবালয় স্টেশনে এ ব্যবস্থা রয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের স্টেশন ১৬টি।
স্টেশনগুলোতে নজরদারি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমটিসিএলের ১১ জন মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপককে। সংস্থাটির অধীনে থাকা ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) মো. নজরুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
মেট্রোরেলে প্রতিদিন গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী চলাচল করেন। ভোর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সেবা চালু থাকে।
সূত্র: প্রথম আলো



