গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের শনাক্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরাজদিখানে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে অগ্নিসংযোগে উসকানি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে দেশে অগ্নিসংযোগে উসকানি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁর ভাষ্য, সীমান্তের ওপার থেকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশে অবস্থানরত নেতা-কর্মীরাও এতে ইন্ধন ও উসকানি দিচ্ছেন।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া বিএনপির স্থানীয় দুই সংসদ সদস্যের বাড়ি এবং একজনের মালিকানাধীন হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়।
শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। তবে কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে; তাদেরও শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল হামিদ মধুপুর পীর। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে শুক্রবার মাহফিলে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
সূত্র: প্রথম আলো




