নাশকতার আশঙ্কায় সীমান্তের ৩০ জেলায় বিশেষ সতর্কতা

চোরাগোপ্তা হামলা ও নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। ঢাকাসহ আট জেলায় মোতায়েন করা হয়েছে ১০১ প্লাটুন বিজিবি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনা থাকতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও হামলার লক্ষ্য হতে পারেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের আশঙ্কা।
পুলিশের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক আনা এবং ভারতে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের কারও কারও দেশে ঢুকে নাশকতায় যুক্ত হওয়ার আশঙ্কাও করছে পুলিশ। সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন—এমন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতাকে সতর্ক করা হয়েছে।
সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে টহল, নজরদারি ও তল্লাশি বাড়াতে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে জোর দিতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির সম্প্রতি সীমান্তবর্তী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বৈঠক করেন।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, সীমান্তে যৌথ নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাজনৈতিক নেতাদের পাশাপাশি সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, বাড়িঘরে আগুন ও সম্পদের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁদের নিরাপত্তা নিয়েও সারা দেশের বাহিনীগুলোকে সতর্ক করা হয়েছে।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সীমান্তবর্তী জেলার মধ্যে সাতক্ষীরা, সুনামগঞ্জ, সিলেট ও কুমিল্লায় বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও লোকজনের অবৈধ যাতায়াত ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে; গত এক সপ্তাহে পাঁচ দালালকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার আশঙ্কা ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন। ২৯ ও ৩০ নভেম্বর অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির প্রচার চলছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে বিভিন্ন স্থানে ৮৩টি পরিবহনে আগুন এবং ৮৭টি স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও গোপালগঞ্জে মোট ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরার কাঁটাতারহীন সীমান্তে রাতের টহল বাড়িয়েছে বিজিবি

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর



