স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ মহড়া বিশ্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।
তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একসঙ্গে এ মহড়ায় অংশ নিয়েছেন। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।’
মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত—এ বার্তা বিশ্বে পৌঁছাবে বলে উল্লেখ করেন তারেক রহমান।
তিনি বলেন, এ আয়োজনের পেছনে দূরদর্শী চিন্তা রয়েছে এবং এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন বাহিনীগুলোর সমন্বয়, পেশাদারত্ব ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিকে আরও কার্যকর করবে বলেও জানান তিনি।
এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরার কাঁটাতারহীন সীমান্তে রাতের টহল বাড়িয়েছে বিজিবি

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর



