বিমানবন্দরে জব্দ দুই প্রাচীন তাম্রফলক এখন জাতীয় জাদুঘরে

২০২৪ সালের ডিসেম্বরে শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে জব্দ করা দুই তাম্রফলক ৫ নভেম্বর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। এগুলো পাল আমলের নিদর্শন কি না, তা যাচাইয়ে গবেষণা চলছে।
যুক্তরাষ্ট্রগামী এক যাত্রীর লাগেজ থেকে জব্দ করা প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি তাম্রফলক জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফলক দুটি জব্দের প্রায় ২২ মাস পর, ৫ নভেম্বর সেগুলো জাদুঘরের সংগ্রহে আসে।
বিমানবন্দরের কাস্টম হাউসের নথি অনুযায়ী, বহির্গমন গেটে নিরাপত্তা তল্লাশির সময় লাগেজ স্ক্যান করে কর্মকর্তাদের সন্দেহ হয়। চাবি দিতে যাত্রী রাজি না হওয়ায় সন্দেহ আরও বাড়ে। পরে লাগেজ খুলে তল্লাশি করে আয়তাকার দুটি ধাতব ফলক পাওয়া যায়। প্রত্নসম্পদ পাচারের আশঙ্কায় সেগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফেরদৌসী মাহবুব ১৭ নভেম্বর বলেন, ‘এ যাত্রীর কাছেও তাম্রফলক পাওয়ায় আমরা সেগুলো জব্দ করি। তবে এগুলো তাঁর পরিবারের হওয়ায় আমরা আইনানুগ ব্যবস্থা নিইনি।’
জাতীয় জাদুঘরের তিন সদস্যের বিশেষজ্ঞ দল ২০২৫ সালের ৩১ জানুয়ারি ফলক দুটি পরীক্ষা করে। ১৮ ফেব্রুয়ারি দেওয়া প্রতিবেদনে নিদর্শনগুলো জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করা হয়। তবে দাপ্তরিক জটিলতা ও কর্মকর্তাদের বদলির কারণে হস্তান্তরের প্রক্রিয়া পিছিয়ে যায়।
জাতীয় জাদুঘরের প্রাথমিক ধারণা, ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের এবং পাল আমলের নিদর্শন হতে পারে। সংস্কৃত ভাষায় লেখা ফলকগুলোর লিপি সিদ্ধমাতৃকা অথবা প্রাচীন বাংলা লিপির বিকাশপর্বের কোনো রূপ হতে পারে। এগুলোতে ভূমিদানের বিবরণ থাকারও সম্ভাবনা রয়েছে।
জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের কিপার মনিরুল হক বলেন, ফলক দুটির পাঠোদ্ধার ও গবেষণার কাজে বাইরের বিশেষজ্ঞদের যুক্ত করা হবে। পূর্ণাঙ্গ গবেষণার পর এগুলোর লিপি, সময়কাল ও বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরার কাঁটাতারহীন সীমান্তে রাতের টহল বাড়িয়েছে বিজিবি

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর



