গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামালে আগুন

গাজীপুরা বাসস্ট্যান্ডে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ বক্স ভাঙচুর করে চেয়ার-টেবিলে আগুন দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্স ভাঙচুর করে ভেতরের চেয়ার-টেবিল বের করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলনের সময় শ্রমিকদের সঙ্গে কয়েকজন বহিরাগত ব্যক্তি যুক্ত হন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর চালান। পরে ভেতরের চেয়ার-টেবিল মহাসড়কে এনে সেগুলোতে আগুন দেওয়া হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই পাশেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




