গাংনীতে দুই বাড়ির গেটে ককটেল নিক্ষেপ, আতঙ্ক

মেহেরপুরের গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে দুটি বাড়ির গেটে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। কেউ হতাহত হয়নি; জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে দুটি বাড়ির গেটে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সাহারবাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি, তবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয়দের ভাষ্য, গ্রামের মৃত মাক্তার আলীর ছেলে মঈনাল হকের বাড়ির গেটে একটি ককটেল ছোড়া হয়। একই সময়ে প্রতিবেশী সাজ্জাদ হাসানের বাড়ির গেটেও আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।
মঈনাল হকের ছেলে ইউসুফ আলী বলেন, দুটি বাড়ির গেটে ককটেল নিক্ষেপের ঘটনায় তাঁদের পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সূত্র: আজকের পত্রিকা




