নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর

শনিবার ভোরে নাটোর শহরের জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখা যায়। পরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে; পুলিশ বলছে, এ বিষয়ে তাদের কাছে তথ্য নেই।
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় শনিবার ভোরে আগুন দেখা যায়। এ ঘটনার প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করার পর শহরের হরিশপুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, ভোর পৌনে চারটার দিকে স্থানীয় বাসিন্দারা স্মৃতিস্তম্ভে আগুন দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্তম্ভের গোড়ায় আগুন ও ধোঁয়া দেখতে পায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্তম্ভটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন।
আগুনের প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে ভবানীগঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন। তাঁদের সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তাঁরা।
এর আগে শুক্রবার দিবাগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুইহাটি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল হয়। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে হরিশপুরে তাঁর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে সাধারণ মানুষ এ ঘটনা ঘটাতে পারে।”
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, স্মৃতিস্তম্ভে কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কারও বাড়িঘর ভাঙচুরের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
সূত্র: প্রথম আলো




