খুলনায় চাঁদা না পেয়ে বিভিন্ন স্থানে গুলি, দুই মামলা; গ্রেপ্তার ৩

খুলনায় চাঁদা দাবির পর ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়িতে গুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
খুলনা নগরে চাঁদা না পেয়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়িতে গুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
টুটপাড়ার চয়নিকা ফার্মেসিতে গুলিতে মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ফার্মেসির মালিকপক্ষ মামলা করতে রাজি না হওয়ায় টুটপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কায়েস মোল্লা বাদী হন বলে জানান খুলনা থানার ওসি মো. লোকমান হোসেন রিপন। মামলায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে; আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।
ওসি জানান, শুক্রবার দিবাগত রাতে টুটপাড়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রুবেল ওরফে গরু রুবেল ও রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের ধরতে অভিযান চলছে। পুলিশের ভাষ্য, নুর আজিম চয়নিকা ফার্মেসির কাছে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা চেয়েছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ফার্মেসিতে থাকা জারিফকে গুলি করে পালিয়ে যায়। তাঁর পায়ে গুলি লাগে। তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
খানজাহান আলী থানার যোগীপোলের ব্যবসায়ী জিয়া ফকিরের বাড়িতে গুলি ও বোমা হামলার ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন। ওই ঘটনায় রেজাউল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জিয়া ফকিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর বাড়ির ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে এবং একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গুলির শব্দে নিরাপদে সরে যাওয়ার সময় জিয়ার বোন নার্গিস পড়ে সামান্য আহত হন। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
লবণচরা থানা এলাকার একটি তুষকাঠের মিল ও চানাচুর কারখানায় গুলির ঘটনায় এখনো মামলা হয়নি। ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, মামলা করতে সংশ্লিষ্টদের একাধিকবার অনুরোধ করা হয়েছে; তবে তাঁরা আসেননি। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর শুক্রবার ভোরে মিল ও কারখানাটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
সূত্র: আজকের পত্রিকা




