গোপনে ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল, ময়মনসিংহে যুবক গ্রেপ্তার

গাড়ি চালানো শেখানোর সময় এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আদায়ের অভিযোগে আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে এসআরবি।
গাড়ি চালানো শেখানোর সময় গোপনে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আদায়ের অভিযোগে আশরাফুল আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ময়মনসিংহ নগরের বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির অভিযানে আশরাফুলের কাছ থেকে দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার এজাহারের বরাতে এসআরবি জানায়, ২০২১ সালে ওই নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। প্রশিক্ষণের সময় তিনি নারীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেন।
এজাহারে বলা হয়েছে, একপর্যায়ে নারীটি আশরাফুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করলে তিনি ক্ষুব্ধ হন। সম্প্রতি ওই নারীর ছবি ও ভিডিও তাঁর স্বামীর কর্মস্থলের এক সহকারীর মুঠোফোনে পাঠানো হয়। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওই নারীর স্বামী বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের তিনটি ধারায় মামলা করেন। মামলায় আশরাফুলকে প্রধান আসামি করা হয়েছে।
এসআরবি-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা নাদিয়া ফারজানা জানান, মামলা হওয়ার পর ছায়া তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা আলামতসহ তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সূত্র: প্রথম আলো





