টিকাটুলীতে হোটেলকর্মী খুন, অসুস্থ বাবার চিকিৎসার খরচ চালাতেন নাঈমুর

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত নাঈমুর রহমানের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার। নাঈমুরের আয়ে চলত অসুস্থ বাবা মোস্তফা শেখের চিকিৎসা ও সংসার।
পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের মৃত্যুতে তাঁর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য নাঈমুরের আয়ে চলত অসুস্থ বাবা মোস্তফা শেখের চিকিৎসা ও সংসার।
গত বৃহস্পতিবার রাতে হোটেলে ঢুকে নাঈমুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল শুক্রবার রাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। রাত ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নাঈমুরের বড় ভাই দুর্জয় শেখ বলেন, তাঁদের মা অল্প বয়সে ক্যানসারে মারা যান। এরপর বাবা কষ্ট করে দুই ভাইকে বড় করেছেন। দুর্জয় বাড়িতে থেকে বাবার দেখাশোনা ও সংসারের কাজ করতেন; সংসারের খরচ এবং বাবার চিকিৎসার ব্যয় বহন করতেন নাঈমুর।
দুর্জয় জানান, তাঁর বাবার বিভিন্ন রোগ রয়েছে। প্রতি মাসে ওষুধের জন্য ৮ থেকে ১০ হাজার টাকা লাগে। ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
নাঈমুরের চাচা আবুল বাশার বলেন, ছোটবেলা থেকেই নাঈমুর মেধাবী ও পরিশ্রমী ছিলেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব নিতে চাকরি শুরু করেন।
ছেলেকে হারিয়ে মোস্তফা শেখ বলেন, “আমি ঠিকমতো দেখতে পাই না। শরীরে নানা অসুখ। তারপরও দুই ছেলেকে নিয়ে বেঁচে ছিলাম। ঘাতকেরা আমার নাঈমুরকে নির্মমভাবে হত্যা করল। আমি একেবারে শেষ হয়ে গেলাম। আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।”
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হোটেলের সামনে থাকা একটি মুরগির দোকান থেকে একটি মুরগি ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে দোকানের মালিক ও তাঁর ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেন। এতে নাঈমুরসহ তিনজন আহত হন। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র: প্রথম আলো




