মোহাম্মদপুরে পুলিশের অকেজো গাড়ি ও মিরপুরে বাসে আগুন

মোহাম্মদপুরে এসপিবিএন-১-এর ওয়ার্কশপের বাইরে রাখা একটি অকেজো গাড়িতে এবং মিরপুরে চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে। দুই ঘটনায় কেউ হতাহত হননি।
রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে মোহাম্মদপুরে পুলিশের একটি অকেজো গাড়িতে এবং সন্ধ্যায় মিরপুরে চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, ভোর সাড়ে চারটার দিকে এসপিবিএন-১-এর রোডসাইড ওয়ার্কশপের বাইরে রাখা গাড়িটিতে আগুন দেওয়া হয়। সেখানে একজন উপপরিদর্শক ও দুজন কনস্টেবল পাহারায় ছিলেন। তবে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওসি বলেন, আগুনে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়নি, তবে আসন পুড়ে আনুমানিক ৬০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, মিরপুর-১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীতে ইতিহাস পরিবহনের চলন্ত একটি বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো




