ঢাকায় দুই বাসে আগুন, মগবাজার-মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ

শনিবার রাতে রাজধানীর পৃথক দুই স্থানে বাসে আগুন এবং মগবাজার ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীর মগবাজার ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ এবং ভাষানটেক ও পল্টনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। পরে মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় সড়কে দাঁড় করানো একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, এ ঘটনায় কেউ আহত হননি।
এরপর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর জানান, এ ঘটনায়ও হতাহতের খবর নেই। কারা বা কীভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রাত ১০টার দিকে রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকার তাজ হোটেলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রমনা থানার ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। রাত ১০টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বসিলা রোডে যাত্রীছাউনির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাত ১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা খুদে বার্তায় জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির পুলিশ।
সূত্র: প্রথম আলো




