বেগমগঞ্জে পার্কিংয়ে থাকা আনন্দ পরিবহনের বাসে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভার সামনে পার্কিং করা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। বাসে কেউ না থাকায় হতাহত হয়নি; স্থানীয় লোকজন আগুন নেভান।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার সামনে সড়কে পার্কিং করা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নামিয়ে বাসটি চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে রেখে চালক ও তাঁর সহকারী পাশের একটি হোটেলে খাবার খেতে যান। এ সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়।
বাসে তখন কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আশপাশের লোকজন আগুন নেভানোর পর বাসটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা জানা যায়নি।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সূত্র: আজকের পত্রিকা




