হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ, ডিলার পলাতক

হবিগঞ্জে পাচারের সময় সরকারি চালভর্তি তিনটি ইজিবাইক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিন চালক আটক হলেও ডিলার হালিম মিয়া পালিয়ে গেছেন।
হবিগঞ্জ শহরের আনোয়ারপুর এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযানে চাল পরিবহনে ব্যবহৃত তিনটি ইজিবাইকও জব্দ করা হয়। এ সময় আটক হন ইজিবাইকের তিন চালক।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাসসংলগ্ন আনোয়ারপুর এলাকায় অভিযান চালায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে চালকেরা জানান, দুর্লভপুর এলাকার সরকারি চালের ডিলার হালিম মিয়া চালগুলো শহরের একটি গুদামে নিয়ে যেতে বলেছিলেন। অভিযানের খবর পেয়ে তিনি এলাকা ছেড়ে চলে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরকারি চাল শহরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে চালসহ তিন চালককে আটক করা হয়েছে।
ওসি জানান, আটক তিন চালক ও পলাতক ডিলার হালিম মিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো


