সান্তাহারে পঞ্চগড় এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘির ছাতনী হেলালিয়া রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (৩৬) মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ছাতনী হেলালিয়া রেলস্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
লিটন গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের মোজাম বেপারীর ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি।
পরিবারের সদস্যরা জানান, ভোরে রেললাইন ধরে হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের নিচে কাটা পড়েন লিটন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন বলে জানান স্বজনেরা।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



