মুলাদীতে ঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের মুলাদীতে ঘরের দরজা ভেঙে খোরশেদ হাওলাদার নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে একটি চিরকুটও পাওয়া গেছে।
বরিশালের মুলাদীতে নিজ বাড়ির একটি ঘর থেকে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘরে একটি চিরকুটও পাওয়া গেছে।
খোরশেদ ওই গ্রামের মৃত জয়লাল আবেদীনের ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাটামারা ইউনিয়নের পূর্ব রামচর বাজারে তাঁর ক্রোকারিজের দোকান ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগম পা ভেঙে যাওয়ায় ১৫ দিন ধরে সন্তানসহ বাবার বাড়িতে ছিলেন। এ সময় খোরশেদ একাই বাড়িতে থাকতেন। প্রতিদিন সকালে নাশতা করে দোকানে যেতেন, রাতে ফিরতেন।
স্থানীয় গ্রাম পুলিশ ও খোরশেদের বন্ধু বিপ্লব জানান, বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেন খোরশেদ। রাত পৌনে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। বৃহস্পতিবার দোকান বন্ধ এবং তাঁর মুঠোফোন বন্ধ পেয়ে সন্ধ্যা ৬টার দিকে বিপ্লব এক বন্ধুকে নিয়ে তাঁর বাড়িতে যান।
ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁরা খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদারকে খবর দেন। তাঁর উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে খোরশেদের মরদেহ দেখতে পান।
সাইদুল বলেন, ঘরের ভেতর আত্মহত্যার একটি চিরকুট পাওয়া গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে সেটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও চিরকুট যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা


