খুলনায় ফার্মেসির সামনে গুলি, মালিকের ছেলে আহত

চাঁদা দাবির পর ১৭ দিন বন্ধ থাকা টুটপাড়ার চয়নিকা ফার্মেসি পুলিশের পাহারায় খোলার ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটেছে। এতে মালিকের ছেলে জারিফুজ্জামান আহত হয়েছেন।
খুলনার টুটপাড়া সেন্ট্রাল রোডে চয়নিকা ফার্মেসির সামনে গুলিতে আহত হয়েছেন প্রতিষ্ঠানটির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩)। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফার্মেসিটি আবার বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মেসির সামনে দাঁড়িয়ে থাকা জারিফুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তাঁর পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গত ২৮ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি ফার্মেসিতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মালিককে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। ১৭ দিন পর ১৪ নভেম্বর পুলিশের পাহারায় ফার্মেসিটি চালু হয়েছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, চয়নিকা ফার্মেসির কাছে শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের লোকজন চাঁদা চেয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, তারাই গুলি চালিয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে চাঁদা চাইছে; কখনো সরাসরি, কখনো প্রতিপক্ষের নাম ব্যবহার করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৭ দিনে খুলনা মহানগর ও জেলায় অন্তত ১৬টি গুলির ঘটনা ঘটেছে। ২৪ নভেম্বর এক দিনেই সাতটি এলাকায় গুলি ছোড়া হয়। এ সময়ে গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন; গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত সাতজন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা বলেন, পুলিশের তৎপরতা প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না এবং অস্ত্র উদ্ধারও কম। তাঁর মতে, সন্ত্রাসী গোষ্ঠীর বিস্তৃত নেটওয়ার্ক ভাঙতে পুলিশ পারছে না; রাজনৈতিক নেতাদের ভূমিকাও জোরালো নয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক গুলির ঘটনাগুলো পরিকল্পিত, অর্থাৎ ‘টার্গেট শুটিং’। আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি ও অস্ত্র উদ্ধার হলেও গুলি বন্ধ করা কঠিন হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে কাজ চলছে এবং যৌথ টহল চলছে বলেও জানান তিনি।
সূত্র: প্রথম আলো


