চাঁপাইনবাবগঞ্জে দুই ভাই গ্রেপ্তার, গানপাউডার ও পাঁচ ককটেল উদ্ধার

সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রানীহাটি ইউনিয়নের বহরম গ্রামের দানেশ ঘোষের ছেলে মো. জুয়েল (৩০) ও তাঁর ছোট ভাই মো. নাইম (২৩)। জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গানপাউডার ও ককটেল মজুতের তথ্য দেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
ককটেল তৈরিতে জড়িত থাকার অভিযোগে পরে বারঘরিয়া বাজার এলাকা থেকে নাইমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, দুই ভাইয়ের বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা


