নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা, আওয়ামী লীগের লোক ভেবে বাধা দেওয়ার দাবি

নেত্রকোনায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বিএনপির লোকজন তাঁকে আওয়ামী লীগের লোক ভেবে গাড়ি থামাতে চেয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়কে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নোমানীর ঘনিষ্ঠজন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা-২ আসনের প্রার্থী মাওলানা আবদুল কাইয়ুমের ভাষ্য, মাহফিল শেষে নোমানী ও তাঁর সফরসঙ্গীরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। চল্লিশা এলাকায় লাঠি হাতে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন। ডাকাত ভেবে নোমানী চিৎকার করেন এবং চালককে গাড়ি না থামিয়ে এগিয়ে যেতে বলেন।
আবদুল কাইয়ুম বলেন, পরে মোটরসাইকেলে আরও কয়েকজন গাড়িটির পিছু নিয়ে হামলা চালান। পরিস্থিতি খারাপ দেখে নোমানী গাড়ি ঘুরিয়ে থানার দিকে যান। সে সময়ও হামলা চলে এবং গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।
আবদুল কাইয়ুমের দাবি, থানায় যাওয়ার পর তাঁরা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা বিএনপির লোকজন গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তাঁদের ধারণা হয়, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। ভুল ধারণা থেকেই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ঘটনাটি ভুল-বোঝাবুঝি; ডাকাতির ঘটনা নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি বিএনপি নেতাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।
নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, আওয়ামী লীগের লোকজন রাতে এলাকায় ঢুকে মিছিল বা আগুন দিতে পারে—এমন খবর থাকায় বিভিন্ন স্থানে তাঁদের লোকজন পাহারায় ছিলেন। তাঁর ভাষ্য, গাড়িটি থামার সংকেত না মেনে দ্রুত চলে যাওয়ায় পাহারায় থাকা লোকজনের সন্দেহ হয়, এতে আওয়ামী লীগের লোক থাকতে পারেন। তিনি বলেন, ঘটনার জন্য নোমানীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এটি ভুল-বোঝাবুঝি ছিল।
ঘটনার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে নোমানীকে সাহায্য চাইতে ও হামলাকারীদের ডাকাত বলতে শোনা যায়। তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সূত্র: প্রথম আলো


