কুলিয়ারচরে পাঁচজন গ্রেপ্তার, ইয়াবা ও চুরি-ডাকাতির সরঞ্জাম উদ্ধার

কুলিয়ারচরে ভাড়া বাসা থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আট পিস ইয়াবা ও চুরি-ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভাড়া বাসা থেকে পাঁচজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে আট পিস ইয়াবা এবং চুরি-ডাকাতিতে ব্যবহৃত দা, কুড়াল, ছুরি, হাতুড়ি, কাটার ও স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভৈরবের জগন্নাথপুর এলাকার মো. রামিম ওরফে ইমন (২৫), মো. রাফি (২৩) ও মো. আলমগীর (৩০), কমলপুরের বাবু হাসান (১৯) এবং নরসিংদীর রায়পুরার রামনগর এলাকার ইয়াছিন (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পশ্চিমপাড়ায় জাহেদ আলীর টিনশেড ভবনে কয়েক দিন আগে বাসা ভাড়া নেন ওই পাঁচজন। তাঁদের অস্বাভাবিক জীবনযাপন ও চলাফেরা স্থানীয়দের সন্দেহের কারণ হয়। সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা বাসাটি ঘিরে পুলিশকে খবর দেন। পরে টহল পুলিশ গিয়ে পাঁচজনকে থানায় নিয়ে যায়।
রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া জানান, স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে ইয়াবা ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য-সংক্রান্ত পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার মামলা দুটি দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
সূত্র: আজকের পত্রিকা




