‘বরিশল’ উপজেলা গঠনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ

মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলায় যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে পাঘাচংয়ে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মঙ্গলবার এক ঘণ্টা রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঘাচং রেলস্টেশন এলাকায় অবরোধ চলায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
অবরোধের আগে পাঘাচং রেলস্টেশনসংলগ্ন চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। সমাবেশে বক্তারা বলেন, মাছিহাতা, বাসুদেব ও সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। তাঁরা জানান, মাছিহাতা ‘বরিশল’ উপজেলায় যুক্ত হবে না এবং দাবি পূরণ না হলে আন্দোলন চলবে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া মাছিহাতা, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন করেছেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে চার ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠাতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা-০১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. তাসনিমুজ্জামান।
প্রতিবাদকারীরা রেলপথে অবস্থান নেওয়ার পর ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস এবং সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস পাঘাচং স্টেশন এলাকায় আটকা পড়ে। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার মুরব্বিদের নির্দেশে অবরোধ তুলে নেওয়া হলে দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। একই দাবিতে ৮ নভেম্বর কোড্ডা লেভেলক্রসিং এলাকায় রেলপথ ও আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করা হয়েছিল; আলোচনার আশ্বাসে প্রায় সাড়ে চার ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো




