মহসিন কলেজে হামলার অভিযোগে ছাত্রশক্তির বিক্ষোভ, অস্বীকার শিবিরের

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে নেতা-কর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। অভিযোগ অস্বীকার করেছে ইসলামী ছাত্রশিবির।
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে নেতা-কর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার বেলা তিনটার দিকে কলেজ প্রাঙ্গণে মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে ইসলামী ছাত্রশিবির।
পরে কলেজের ফটকে সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির নেতারা জানান, হামলায় তাঁদের কয়েকজন নেতা-কর্মী ও কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের অভিযোগ, সকালে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক রশিদ দিনার ও সদস্যসচিব আবদুর রহমান অধ্যক্ষের সঙ্গে কলেজের পরিস্থিতি ও শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলতে গেলে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং হেনস্তা করা হয়।
ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক রশিদ দিনারের দাবি, একপর্যায়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সেখানে থাকা ছাত্রশক্তির নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মারধর করেন। এতে মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন এবং শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ কয়েকজন আহত হন।
ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক বলেন, তাঁদের কোনো নেতা-কর্মী হামলা বা হেনস্তার সঙ্গে জড়িত নন। কলেজে তাঁদের কোনো কমিটিও নেই। তিনি বলেন, “আমাদের কোনো নেতা–কর্মী হামলা করেছেন—এ রকম প্রমাণ তাঁরা কি দিতে পারবেন? যদি প্রমাণ দিতে পারেন, আমরা ব্যবস্থা নেব।” ছাত্রশক্তির নেতাদের কলেজে যাওয়ার বিষয়ে তাঁরা জানতেন না বলেও দাবি করেন তিনি।
সূত্র: প্রথম আলো




