চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার জব্দ, ট্রাকচালক আটক

কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল—এমন সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। আটক হয়েছেন চালক আব্দুল মান্নান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ৭০০ বস্তা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চালক আব্দুল মান্নানকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে সারগুলো শিবগঞ্জ উপজেলার গোলাপেরহাট এলাকার বিসিআইসি ডিলার হুমায়ুন কবির-২-এর গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর মেলার মোড়ে অভিযান চালিয়ে ট্রাকটি থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সারগুলো কালোবাজারে বিক্রির জন্য আনা হয়েছিল।
আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে। স্থানীয়দের অভিযোগ, বিসিআইসি ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। সার জব্দের পর তিনি ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা বলেন, গোলাপেরহাট এলাকায় হুমায়ুন কবির-২ নামে একজন বিসিআইসি ডিলার আছেন। তবে চলতি মাসে যশোরের নওয়াপাড়া থেকে শিবগঞ্জে কোনো সার বরাদ্দ নেই। জব্দ সার কোথা থেকে, কারা এবং কী উদ্দেশ্যে এনেছে, সে বিষয়ে তাঁদের কাছে তথ্য নেই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। ট্রাকে ৭০০ বস্তা সার রয়েছে; গণনার জন্য শ্রমিক ডাকা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: আজকের পত্রিকা




