ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে পোস্ট, আত্মরক্ষার দাবি রায়হানের

ফটিকছড়িতে গুলিতে ছয়জন আহত হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন পলাতক রায়হান। তাঁকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
চট্টগ্রামের ফটিকছড়িতে গুলিতে ছয়জন আহত হওয়ার পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন পলাতক মো. রায়হান। মঙ্গলবার বেলা দুইটার দিকে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছেন। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং স্থানীয়দের সহায়তা চেয়ে মাইকিং করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে আটটার দিকে সুয়াবিলের শোভনছড়ি ও চুরখারহাট এলাকায় এলোপাতাড়ি গুলিতে কয়েকজন আহত হন। ওই রাতেই পুলিশ অভিযান শুরু করে। রাত ১১টার দিকে চুরখারহাট বাজারে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ স্থানীয়দের উদ্দেশে হাতমাইকে ঘোষণা দেন।
ঘোষণায় তিনি বলেন, রায়হান সুয়াবিল এলাকায় লুকিয়ে আছেন বলে পুলিশ মনে করছে। তাঁকে জীবিত ধরতে সহযোগিতার আহ্বান জানান তিনি। রায়হানকে পাওয়া গেলে ‘পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে’ বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
ফেসবুক পোস্টে রায়হান লেখেন, ‘আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছি। শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন?’ আহতদের কারও টাকাপয়সার প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করতে বলেন তিনি। পাশাপাশি, ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার হুমকিও দেন।
কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, রায়হান ফটিকছড়িতে আছেন—এমন তথ্য পেয়ে গত রোববার থেকে অভিযান চলছে। পুলিশ তাঁকে সুয়াবিলে থাকার বিষয়ে নিশ্চিত হলেও ধরতে পারেনি। তাঁর ভাষ্য, অভিযানের সময় রায়হানের সহযোগীরা পালানোর পথে ফাঁকা গুলি ছোড়েন। এর আগে রায়হানের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, স্থানীয় কারও বাসায় রায়হান আশ্রয় নিয়েছেন। তিনি যেন পালাতে না পারেন এবং কেউ যেন তাঁকে আশ্রয় না দেন, সে জন্য মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের কারণে তিনি এলাকা ছাড়তে পারেননি বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি এবং চাঁদা না পেলে সহযোগীদের দিয়ে গুলি করানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী বলে পুলিশের দাবি।
এর আগে গত ২৯ জুলাই রায়হানকে গ্রেপ্তারে নোয়াখালীতে অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। সে সময় একটি বাসার ছাদ টপকে পালিয়ে যান তিনি। গত রোববার ফটিকছড়িতে পুলিশের সোর্স মো. আফসারকেও মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সূত্র: প্রথম আলো




