দুই দফা কালি লেপনের পর খুলনায় তৃতীয়বার আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

খুলনার যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নতুন করে এঁকেছেন শিল্পী রেজাউল করিম। আগের দুইবার প্রতিকৃতিতে কালি লেপে বিকৃত করা হয়েছিল।
খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি তৃতীয়বারের মতো আঁকা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে কাজ শুরু করে বিকেল সাড়ে চারটায় শেষ করেন চিত্রশিল্পী মো. রেজাউল করিম।
দুই দফায় প্রতিকৃতিটির মুখে কালি লেপে বিকৃত করা হয়েছিল। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর অনুরোধে শিল্পী সেটি আবার আঁকেন। কাজের সময় সিটি করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত ৬ নভেম্বর প্রথমবার প্রতিকৃতিটির মুখে কালি দেওয়া হয়। রেজাউল করিম সেটি নতুন করে আঁকার পর ১৬ দিনের মাথায় গত রোববার আবারও একই ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, প্রতিকৃতিতে কালি লেপনের দুই ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি করেছে। ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায়নি বলেও জানান তিনি।
লোকমান হোসেন বলেন, ঘটনাস্থল খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার সীমান্তবর্তী এলাকায়। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে।
প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান। তাঁর ভাষ্য, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এবং বাংলাদেশেরও কবি।
সূত্র: প্রথম আলো




