রংপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

কাউনিয়ায় পৃথক অভিযান চালিয়ে মাইদুল ইসলাম মুকুল ও জসমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলার তদন্তে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের মাইদুল ইসলাম মুকুল (৩৩) এবং টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের জসমত আলী (৬০)। মুকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য। জসমত আলী ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক।
মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল।
ওসি জানান, গত ১২ নভেম্বর ভোরে উপজেলার খোর্দ্দভূতছড়া এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলবদ্ধ হয়ে নাশকতার চেষ্টা করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মুকুল ও জসমতকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: আজকের পত্রিকা




