খুলনায় দ্বিতীয়বার বিকৃত রবীন্দ্রনাথের প্রতিকৃতি আবার আঁকা হলো

শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো রং ছিটিয়ে বিকৃত করার দুদিন পর সেটি নতুন করে আঁকা হয়েছে। কাজের অর্থায়ন করেছে খুলনা সিটি করপোরেশন।
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে রেলওয়ের সীমানাপ্রাচীরে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো রং ছিটিয়ে বিকৃত করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে সেটি মুছে নতুন করে আঁকার কাজ শেষ হয়েছে।
গত রোববার সকালে প্রতিকৃতিটি বিকৃত অবস্থায় দেখা যায়। দেয়ালের অন্য ছবিগুলো অক্ষত ছিল। এখানে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের কিছু চিত্রও আঁকা রয়েছে।
এর আগে ৬ নভেম্বর একই প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করেছিল দুর্বৃত্তরা। পরদিন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে সেটি আবার আঁকা হয়। দুই সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বার এ ঘটনা ঘটল।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রেজা আর্টের রেজাউল করিম রেজা পুনরায় আঁকার কাজ শুরু করেন। বিকেলের মধ্যেই কাজ শেষ হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, প্রতিকৃতিটি আবার আঁকার কাজে অর্থায়ন করেছে সিটি করপোরেশন। এর আগে তিনি বলেছিলেন, ‘দুর্বৃত্তরা যতবার মুছবে, ততবার আমরা আঁকব।’
সূত্র: আজকের পত্রিকা




