জয়পুরহাট হাসপাতালে কারারক্ষী ও কলেজছাত্রীকে থানায় নিল পুলিশ

জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় আপত্তিকর আচরণের অভিযোগে এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় আপত্তিকর আচরণের অভিযোগে এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে থানায় নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তাঁর এবং কলেজছাত্রীর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার রাতে জয়পুরহাটে এসে ওয়াজেদের সঙ্গে দেখা করেন ওই ছাত্রী। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর ব্যারাকে না ফিরে তিনি হাসপাতালের বারান্দায় ছাত্রীর সঙ্গে ছিলেন। তাঁদের আচরণে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে ওয়াজেদকে হাজতে এবং ছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছিল।
ওই ছাত্রী বলেন, ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার কথা তিনি জানেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা চান না এবং মামলা করবেন না।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে তাঁদের পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি; ছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে। জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা জানান, মঙ্গলবার সকাল ৬টায় ওয়াজেদের কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা




