বাঘায় প্রধান শিক্ষিকার কক্ষে তালা, দুই ঘণ্টা পর খুলল

বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের মধ্যে বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষে তালা দেওয়া হয়। পরে শিক্ষা কর্মকর্তার মধ্যস্থতায় তা খোলা হয়।
রাজশাহীর বাঘার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষে বুধবার সকালে তালা দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানীর মধ্যস্থতায় তালা খোলা হয়।
বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে পাশের বিষ্টমণ্ডলের হাটে পেঁয়াজবাহী যানবাহন চলাচলের রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রধান শিক্ষিকা আমিনা খাতুনের ভাষ্য, এ বিরোধের জেরেই তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে; দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার বিষয়টি সামনে এনে তাঁকে হয়রানি করা হচ্ছে।
আমিনা খাতুন বলেন, মাঠ দিয়ে রাস্তা নির্মাণে প্রশাসনের কোনো লিখিত অনুমতি বা নির্দেশনা তিনি পাননি। এ কারণে এ বিষয়ে রেজল্যুশন তৈরির উদ্যোগ নেননি। মঙ্গলবার এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
প্রধান শিক্ষিকার দাবি, শেখ মুজিবুর রহমানের ছবিটি আগের সরকারের আমলে দেয়ালে আঁকা হয়েছিল এবং পরে সাদা চুন দিয়ে ঢেকে রাখা হয়। মঙ্গলবারও ছবিটি ঢাকা ছিল, তবে বুধবার সকালে তা পরিষ্কার করা অবস্থায় দেখেন তিনি।
এনামুল হক দাবি করেন, ছবিটি নতুন করে আঁকা হয়েছে। তাঁর ভাষ্য, রাস্তা নির্মাণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘প্রধান শিক্ষিকা কথা না শোনায় আমার লোকজন তাঁর কক্ষে তালা ঝুলিয়েছে।’ এনামুল হক বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বিষ্টমণ্ডলের হাট কমিটির সভাপতি।
বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম বলেন, সকালে বারান্দার তালা খুলে তিনি অন্য ভবন পরিষ্কার করতে যান। দেয়ালের ছবিটি কে পরিষ্কার করেছে, তা তিনি দেখেননি। তাঁর ভাষ্য, আগের দিন ছবিটি চুন দিয়ে ঢাকা ছিল।
সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, মাঠে পেঁয়াজের হাট বসানো এবং পকেট গেট বড় করার বিষয়ে ইউএনওর নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। তাঁর মতে, দেয়ালের ছবিটি পুরোনো। ইউএনও তকী ফয়সাল তালুকদার জানান, রাস্তা নির্মাণ ও দেয়ালে ছবির বিষয়ে অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা


